আইন পেশায় বিশেষ অবদান ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। একই সঙ্গে আগামী দুই বছরের জন্য তিনি ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে সংগঠনটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা ও দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন গুণী ও বিশিষ্ট ব্যক্তিকে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ ও ‘স্টার পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। তাদের মধ্যে আইন পেশায় বিশেষ অবদানের জন্য অ্যাডভোকেট মোঃ হাবিবুল হককে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক, জজকোর্ট, ঢাকা।
বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন পেশাজীবীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা, সততা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে যারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখছেন, তাদের স্বীকৃতি প্রদান অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করবে।
অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক আইন পেশার পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার পেশাগত ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক বলেন, “এই সম্মাননা আমার জন্য আনন্দ ও গর্বের পাশাপাশি আরও বেশি দায়িত্বের বিষয়। আমি আজকে যতটুকু নীতি ও আদর্শ শিখেছি এবং সারাজীবন যার আদর্শ অনুসরণ করে যাব, তা আমার মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল আলী মাস্টারের কাছ থেকে।”
তিনি বলেন, “আমার এই অর্জন আমি আমার মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল আলী মাস্টার, আমার গর্ভধারিণী মা মিসেস রওশনআরা ভূঁইয়া, আমার বড় ভাই এনামুল হক ও মঈনুল হকসহ পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করছি।”
তিনি আরও বলেন, “আইন পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। নব উজ্জীবিত বাংলাদেশ সমাজকে আরও কার্যকর ও মানবিক সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’ ও ‘সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা অ্যাডভোকেট মোঃ হাবিবুল হকের হাতে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’, নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের চিঠি ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান পর্ব শেষে মনোজ্ঞ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

