Friday, October 16, 2026
spot_img
Home Blog Page 3

জ্বালানির দাম বাড়ায় যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

0


জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ঢাকা থেকে খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহণের ভাড়া যাত্রীপ্রতি ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।


বাস মালিকদের সূত্রে জানা গেছে, সোমবার সকালে সংশ্লিষ্ট রুটের বাস মালিকরা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে যাত্রীদের সঙ্গে বিভিন্ন স্থানে বিরোধের আশঙ্কা রয়েছে।
ঢাকা থেকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর রুটে চলাচলকারী একটি বাস কোম্পানির মালিক নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘এসব রুটে চলাচলকারী বাস মালিকরা সকালে আলোচনা করে যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যাত্রী যেখানেই নামুন না কেন, বর্তমান ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি দিতে হবে।’


তিনি বলেন, ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে খুলনা গিয়ে একটি বাস আবার ঢাকায় ফিরতে প্রায় ১৪০ লিটার জ্বালানি তেল লাগে। বিআরটিএর হিসাব অনুযায়ী, প্রতি ট্রিপে গড়ে ২৮ জন যাত্রী ধরা হয়। জ্বালানি তেলের বাড়তি খরচ সমন্বয়ের জন্যই যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাস মালিকদের এই প্রতিনিধি বলেন, জ্বালানি তেলের দাম যে পরিমাণ বাড়ানো হয়েছে, তাতে বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণ করবে। এ সিদ্ধান্ত নিতে এক-দুই দিন সময় লাগতে পারে। তবে এরই মধ্যে পরিবহন মালিকদের বাড়তি খরচ শুরু হয়ে গেছে। ফলে সরকারি সিদ্ধান্ত আসার আগেই ভাড়া বাড়ানো ছাড়া বিকল্প দেখছেন না তারা।
তিনি বলেন, বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণ করলে সরকার নির্ধারিত কিলোমিটারপ্রতি হার অনুযায়ী পরবর্তী সময়ে ভাড়া ঠিক করা হবে।


‘বিআরটিএ দ্রুত সিদ্ধান্ত দিলে পরিবহন মালিক ও যাত্রী—দুই পক্ষের জন্যই ভালো হবে। কারণ সরকারি সিদ্ধান্ত ছাড়া যাত্রীরা বাড়তি ভাড়া দিতে সব সময় আগ্রহী হন না। এতে বিভিন্ন স্থানে যাত্রী ও বাসের কন্ডাক্টরদের মধ্যে অপ্রয়োজনীয় বিরোধের আশঙ্কা থাকে,’ বলে জানান তিনি।

জ্বালানির দাম বাড়ানো গণমানুষের ওপর জুলুম : সাদিক কায়েম

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সমালোচনা করে এটিকে গণমানুষের ওপর সরাসরি জুলুম বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
আজ সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত চার কার্যদিবস ধরে কমছে। এর মধ্যে সোমবারই প্রতি ব্যারেলে প্রায় দুই ডলার করে দাম কমেছে। এমন সময়ে বিশেষজ্ঞ, ভোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কোনো কার্যকর পরামর্শ বা গণশুনানি ছাড়াই হুট করে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে দেয়া গণমানুষের ওপর সরাসরি জুলুম।
জ্বালানি তেলের দামের সাথে দেশের অর্থনীতি থেকে শুরু করে মানুষের প্রতিদিনের জীবনযাত্রার খরচ ওতপ্রোতভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেন, ‘একদিকে সরকারের লোকজন দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে স্বল্প, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের পকেট কাটছে, অন্যদিকে নানা ধরনের খোঁড়া অজুহাত দেখিয়ে সরকার বারবার জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের জীবনযাপন আরো কঠিন করে তুলছে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সরকার যেন বাংলাদেশের মানুষের জন্য একের পর এক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক বিষয়গুলো নিয়ে দেশের সাধারণ মানুষ আজ চরম কষ্টে আছে।’

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে


দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান রোববার রাতে ন্যাম ভবন থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।
ঘটনাস্থলে ডিসি ইবনে মিজান বলেন, আমরা আজ সন্ধ্যা ৭টার পর ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর কক্ষে একটি ঝুলন্ত লাশের খবর পাই। খবর পাওয়ার পরই শেরে বাংলা নগর থানা, ডিবি ও সিআইডির টিম ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে আমরা দেখতে পাই, ফ্ল্যাটের ২০৩ নম্বর কক্ষ সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের। পরবর্তীতে আমরা প্রয়োজনীয় আইনগত কাজ করেছি।
তিনি আরও বলেন, নিহত নারী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। আমরা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছি।
পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি ও পিবিআই।
ঘটনার সময় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী বাসায় ছিলেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিসি ইবনে মিজান বলেন, এটিও তদন্তের বিষয়, আমরা তদন্ত করে দেখব।
এর আগে সন্ধ্যার দিকে শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দ্বিতীয় দিন স্বস্তির খবর, কাবাডিতে পুরুষ দলের জয়

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক শুরুর প্রথম দিনটা মোটেই ভাল কাটেনি বাংলাদেশের। তবে দ্বিতীয় দিন সকালেই স্বস্তির খবর মিলেছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করেছে কাবাডি পুরুষ দল।


আজ সকালে নাগোয়ার টোকাই সিটিজেন জিমনেসিয়ামে গ্রুপ-এ’র প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে।
প্রথমার্ধে বাংলাদেশ ১৭-১৬ পয়েন্টে এগিয়ে ছিল।


বাংলাদেশ লোনা পেয়েছে ৪টি, দক্ষিণ কোরিয়া ২টি। তবে প্রতিপক্ষের ৮টি বোনাস পয়েন্টের বিপরীতে বাংলাদেশ আদায় করেছে ৬টি।
আজ স্থানীয় সনয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে।

যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা

0


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। এর ফলে দেশটির অর্থনীতিতে ১০ শতাংশেরও বেশি সংকুচিত হয়েছে। ইরানের সরকারি এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।


গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে ইরানে যুদ্ধ শুরু হয়।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের রোববার প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চের শেষ দিক থেকে জুনের শেষ পর্যন্ত এক বছরে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১০ দশমিক ১ শতাংশ কমেছে। ইরানের পারস্য বর্ষপঞ্জি অনুযায়ী এই সময়কে বছরের প্রথম প্রান্তিক হিসেবে গণ্য করা হয়।


ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়। এর পর থেকেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে।


ওই হামলার জবাবে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবহনপথে অচলাবস্থার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। পরে সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।


এদিকে যুদ্ধের প্রভাবের পাশাপাশি ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই অতি উচ্চ মূল্যস্ফীতি এবং দেশটির মুদ্রার অবমূল্যায়নের সংকটে রয়েছে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে উল্লেখ করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসস’কে এ তথ্য জানিয়ে বলেন, ‘ জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক যাচ্ছেন। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ‘
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর জন্য উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার সহ সরকারি ঊধর্তন কর্মকর্তাগণ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসস’কে বলেন , ‘প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।’
প্রায় আট ঘণ্টা ৪৫ মিনিটের ফ্লাইট শেষে বিমানটি তুরস্কের স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইস্তাম্বুলে দুই ঘণ্টা ৩৫ মিনিটের ট্রানজিট শেষে ফ্লাইটটি দুপুর ২টা ১০ মিনিটে (তুরস্ক সময়) নিউইয়র্কের উদ্দেশে রওনা হবে এবং নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাঁকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’-এ নিয়ে যাওয়া হবে।
সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
এর আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে আয়োজিত এক স্বাগত প্রাতরাশসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে তিনি অন্য বিশ্বনেতাদের সঙ্গে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন এবং সন্ধ্যায় রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
২৩ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সাথে একটি প্রাতরাশসভায় মতবিনিময় করবেন। পরবর্তীতে তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে এবং স্পেনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা’ বিষয়ক একটি সভায় বক্তব্য দেবেন।
এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘জলবায়ু পদক্ষেপ ও ন্যায়ঙ্গত উত্তরণ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বৈঠকেও যোগ দেবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান একই দিনে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুততম সময়ে প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে রোহিঙ্গা সংকট বিষয়ক একটি পার্শ্ব-অনুষ্ঠানে অংশ নেবেন।
পররাষ্ট্র সচিব জানান, জলবায়ু সংক্রান্ত বৈঠকগুলোতে প্রধানমন্ত্রী একটি জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন, যেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি ও জলবায়ু ন্যায়বিচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্টি হওয়া অস্তিত্বের হুমকি নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন। এছাড়া তিনি বাংলাদেশ আয়োজিত দুটি গুরুত্বপূর্ণ পার্শ্ব-অনুষ্ঠানেও অংশ নেবেন।
একই দিনে তিনি প্রধান অতিথি হিসেবে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং ধাত্রীবিদ্যা সংক্রান্ত আরেকটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এতে তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় নতুন সরকারের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন এবং দক্ষ ও পেশাগতভাবে প্রশিক্ষিত ধাত্রী সেবার গুরুত্বের ওপর জোর দেবেন।
অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর সাথে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এবং জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকার বিষয়ক হাইকমিশনারদের সঙ্গেও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। তিনি ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী মেটা, ওয়াল স্ট্রিট এবং বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রীর আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১:০০ টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকেটুজিরোটু যোগে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ। এর মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

আইন পেশায় বিশেষ অবদান ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। একই সঙ্গে আগামী দুই বছরের জন্য তিনি ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি নির্বাচিত হয়েছেন।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে সংগঠনটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা ও দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন গুণী ও বিশিষ্ট ব্যক্তিকে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ ও ‘স্টার পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। তাদের মধ্যে আইন পেশায় বিশেষ অবদানের জন্য অ্যাডভোকেট মোঃ হাবিবুল হককে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক, জজকোর্ট, ঢাকা।


বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন পেশাজীবীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা, সততা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে যারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখছেন, তাদের স্বীকৃতি প্রদান অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করবে।
অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক আইন পেশার পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার পেশাগত ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়।


দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক বলেন, “এই সম্মাননা আমার জন্য আনন্দ ও গর্বের পাশাপাশি আরও বেশি দায়িত্বের বিষয়। আমি আজকে যতটুকু নীতি ও আদর্শ শিখেছি এবং সারাজীবন যার আদর্শ অনুসরণ করে যাব, তা আমার মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল আলী মাস্টারের কাছ থেকে।”


তিনি বলেন, “আমার এই অর্জন আমি আমার মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল আলী মাস্টার, আমার গর্ভধারিণী মা মিসেস রওশনআরা ভূঁইয়া, আমার বড় ভাই এনামুল হক ও মঈনুল হকসহ পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করছি।”
তিনি আরও বলেন, “আইন পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। নব উজ্জীবিত বাংলাদেশ সমাজকে আরও কার্যকর ও মানবিক সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”


অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’ ও ‘সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা অ্যাডভোকেট মোঃ হাবিবুল হকের হাতে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’, নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের চিঠি ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন।


আলোচনা সভা ও সম্মাননা প্রদান পর্ব শেষে মনোজ্ঞ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্কঃ-এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। 

সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে, জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য, ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। 

সৌদি সরবরাহ ঝুঁকির মধ্যেও কমল তেলের দাম

অনলাইন ডেস্কঃ-

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে সৌদি আরবের ইয়ানবু বন্দরে তেল লোডিং স্থগিত থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ রয়েছে।জিএমটি রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৮২ ডলারে দাঁড়ায়। ডব্লিউটিআই ক্রুডের দাম ৯৭ সেন্ট কমে ১০৪ দশমিক ৮৬ ডলারে নেমে আসে।এপিআইর প্রাথমিক তথ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৭১ লাখ ব্যারেল বেড়েছে। অথচ রয়টার্সের জরিপে প্রায় ১৬ লাখ ব্যারেল কমার পূর্বাভাস ছিল।

এদিকে, হামলার পর সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করায় ইয়ানবু বন্দরে তেল লোডিং স্থগিত রয়েছে। পাইপলাইনটি দিয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়।

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে পাইপলাইনে তেল পরিবহন শুরু হতে পারে। তবে পুরোপুরি মেরামতে পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।সূত্র: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা

অনলাইন ডেস্কঃ-

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বর্তমানে সভার কার্যক্রম চলছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।

সভায় একনেক কমিটির সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের একনেক সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সভার কার্যক্রম শেষে সংবাদ সম্মেলন করে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত জানানো হবে।